EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা তৈরিতে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:১৮ পিএম

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা তৈরিতে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প
অ অ

বাহিনীর সদস্যদের আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং আর্থিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ‘সঞ্জীবন প্রকল্প’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

কর্মশালায় প্রকল্পের বাস্তবায়ন কৌশল, সদস্য অন্তর্ভুক্তি, আর্থিক ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, ‘সঞ্জীবন প্রকল্প’ বাহিনীর সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি চাকরিনির্ভর মানসিকতা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সময়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম কার্যকর উপায় হলো উদ্যোক্তা উন্নয়ন। সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে সদস্যরা নিজ নিজ এলাকায় সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং অন্যদের জন্যও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে সক্ষম হবেন।

প্রকল্পের সফল বাস্তবায়নে সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের আন্তরিকতা, সমন্বিত প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালায় উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সদস্যদের অংশগ্রহণ, সম্ভাবনাময় উদ্যোগ নির্বাচন, লভ্যাংশ বণ্টন, ঋণ পরিশোধ, সদস্যপদ ত্যাগ বা মৃত্যুর ক্ষেত্রে অনুসরণীয় প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন।

আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক এনামুল খান প্রকল্পের সদস্যপদ, পরিচালনা কাঠামো, ঋণ গ্রহণ ও পরিশোধ পদ্ধতি এবং ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বিত কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে টিএমএসএসের পরিচালক মো. রেজাউল করিম প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির বিভিন্ন সফল উদাহরণ তুলে ধরেন। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে টিএমএসএসের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোকপাত করেন।

এছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের একজন কর্মকর্তা প্রকল্পে ব্যাংকের সম্পৃক্ততা, ঋণ বিতরণ, কিস্তি আদায় এবং অন্যান্য ব্যাংকিং সহায়তা বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

কর্মশালার সমাপনী পর্বে সরাসরি ও অনলাইনে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়, যা প্রকল্প বাস্তবায়নকে আরও কার্যকর ও বাস্তবমুখী করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

অংশগ্রহণকারীরা ‘সঞ্জীবন প্রকল্প’কে বাহিনীর সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা বিকাশ এবং টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টির একটি সময়োপযোগী ও সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তাদের মতে, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে সদস্যদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন