আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের বৈঠক, সংস্কার ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:০৩ পিএম
বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউএনডিপির একটি প্রতিনিধিদল বৈঠক করেছে।
সোমবার (৮ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বিদায়ী রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে স্টেফান লিলার আইজিপিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার সুরক্ষা এবং পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
এ সময় তিনি বাংলাদেশ পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং পুলিশ-জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইউএনডিপির আগ্রহের কথা তুলে ধরেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের সংস্কার ও আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতার প্রশংসা করেন। তিনি বিশেষভাবে বিদায়ী রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলারের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির আগ্রহকে স্বাগত জানান।
তিনি বলেন, একটি দক্ষ, মানবিক ও জনমুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ ও ইউএনডিপির মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ পুলিশের পেশাগত উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং পুলিশ-জনগণের আস্থা ও অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।