পচা মাংস বিক্রি, দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা
রোগাক্রান্ত গরু কিনে পথেই মারা গেছে, মৃত গরু জবাই করে বিক্রি করছিল
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:০১ পিএম
ছবি: সংগৃহীত
বাগেরহাটে গরুর পচা মাংস বিক্রির অপরাধে দুই বিক্রেতাকে সাত দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত দুজনকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার সকালে রামপাল উপজেলার ফয়লা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিজিৎ চক্রবর্তী। এ সময় থানা পুলিশ ও উপজেলা ভেটেরিনারি সার্জন তার সঙ্গে ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুন অর-রশিদ (৪০) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের ইয়ামিন হাওলাদার (২৮)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিজিৎ চক্রবর্তী জানান, দণ্ডপ্রাপ্তরা স্বীকার করেছে যে তারা বাগেরহাট থেকে একটি রোগাক্রান্ত গরু কিনে ফয়লা বাজারে নিয়ে আসছিল। পথিমধ্যে গরুটি মারা যায়। এরপর তারা মৃত গরুটি জবাই করে সেই মাংস বাজারে বিক্রি করছিল।
বিচারক আরও জানান, দীর্ঘদিন ধরে পচা ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের দোকানে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাদের এই দণ্ড দেওয়া হয়েছে বলে জানান বিচারক।