সরকারের ১০০ দিন: আশার বার্তার পাশাপাশি জবাবদিহি সংকটে উদ্বেগ টিআইবির
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী নতুন সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমে সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে কিছু ইতিবাচক উদ্যোগ দেখা গেলেও জবাবদিহিমূলক কাঠামো শক্তিশালীকরণ এবং দুর্নীতি প্রতিরোধে সুস্পষ্ট পথরেখার ঘাটতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রবিবার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন” শীর্ষক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করা হয়।
টিআইবি বলেছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সুশাসন ও দুর্নীতিবিরোধী অবস্থানের ইতিবাচক বার্তা পাওয়া গেলেও তা কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারে পর্যাপ্তভাবে প্রতিফলিত হয়নি। বরং কিছু ক্ষেত্রে জবাবদিহিমূলক কাঠামো শক্তিশালী করার পরিবর্তে পিছু হটার লক্ষণও পরিলক্ষিত হয়েছে।
সংস্থাটির পর্যবেক্ষণে জাতীয় সংসদ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, স্থানীয় সরকার ব্যবস্থা, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম, মানবাধিকার পরিস্থিতি, তথ্য অধিকার, তথ্য প্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকাণ্ড মূল্যায়ন করা হয়।
টিআইবির মতে, সরকারের প্রথম ১০০ দিনে কিছু ইতিবাচক উদ্যোগ জনগণের মধ্যে আশার সঞ্চার করলেও সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতকরণ এবং দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে আরও সুস্পষ্ট, কার্যকর ও সময়বদ্ধ পদক্ষেপ গ্রহণ জরুরি।
সংস্থাটি মনে করে, টেকসই সুশাসন প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংস্কার, স্বাধীন নজরদারি ব্যবস্থা এবং জবাবদিহিমূলক কাঠামো নিশ্চিত করা প্রয়োজন। এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে।