রোহিঙ্গাসহ ৫০ জনকে পাচারের চেষ্টা, আটক ৯
আটক ৯ পাচারকারির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:১১ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ট্রলার থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ মানবপাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (৬ জুন) দুপুরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশনটির ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।
উদ্ধার হওয়া ৫০ জনের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং ৩৯ জন কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাংলাদেশি নাগরিক। আটক ৯ মানবপাচারকারি টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, টেকনাফ স্টেশন, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়া স্টেশন যৌথ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাহারছড়া উপকূলবর্তী সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে থামার নির্দেশ দেওয়া হলে পাচারকারিরা দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা হয়।
লে. কমান্ডার মুত্তাকীন সিদ্দিকী জানান, সংঘবদ্ধ পাচারকারি চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। আটক ৯ পাচারকারির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া ৫০ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।