তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট কর আরোপের দাবি বিশেষজ্ঞদের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:২৭ পিএম
তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট কর (স্পেসিফিক ট্যাক্স) আরোপ এবং জর্দা ও গুলে আধুনিক কর আদায় ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, এসব পণ্যে কার্যকর কর ব্যবস্থা চালু করা গেলে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত ‘তামাকের কর ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যে এর প্রভাব’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। ওয়েবিনারটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) এবং বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)।
বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দীর্ঘদিন ধরে তামাকজাত দ্রব্যের ওপর উচ্চ হারে সুনির্দিষ্ট কর আরোপের সুপারিশ করে আসছে। তাদের মতে, অ্যাড ভেলোরেম কর পদ্ধতির পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ সুনির্দিষ্ট কর যুক্ত করলে তামাক নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।
ওয়েবিনারে আরও বলা হয়, দেশে জর্দা ও গুলের ক্ষেত্রে আলাদা ও স্বীকৃত কর আদায় ব্যবস্থা না থাকায় এই দুটি বহুল ব্যবহৃত পণ্য থেকে প্রত্যাশিত রাজস্ব আদায় হচ্ছে না। পাশাপাশি এই খাতে কর ফাঁকির প্রবণতাও বেশি।
বিশেষজ্ঞরা বলেন, জর্দা ও গুল থেকে কর আদায়ের জন্য আধুনিক ও কার্যকর কর ব্যবস্থাপনা চালু করা জরুরি। এতে রাজস্ব আহরণ বাড়ার পাশাপাশি তামাক ব্যবহার নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে।
তারা আসন্ন অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যে সুনির্দিষ্ট কর কাঠামো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।