EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি: দুই আসামি ৫ দিনের রিমান্ডে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:১৯ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি: দুই আসামি ৫ দিনের রিমান্ডে
অ অ

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৫ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন সচিবালয়ের আউটসোর্সিং কর্মচারী রঞ্জন চন্দ্র এবং ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক এনজামুল হক দুই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হিসেবে বিবেচনা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিট ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে জড়িত থাকার অভিযোগে সচিবালয়ের আউটসোর্সিং কর্মচারী রঞ্জন চন্দ্রকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে রঞ্জন চন্দ্র গত ২২ মে সচিবালয়ের তিন নম্বর ভবন থেকে প্রায় ৮ কেজি ২০০ গ্রাম তামার তার চুরির কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। পরে তিনি ওই তার প্রতি কেজি ৬০০ টাকা দরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে অবস্থিত একটি ভাঙারি দোকানে বিক্রি করেন বলে তদন্তে উঠে এসেছে।

রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একুশে হল সংলগ্ন এলাকা থেকে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে চুরি হওয়া তামার তারও উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং চুরির পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন