নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৫০ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি এবং জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি ও প্রণোদনা বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশবাদী, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত ও ন্যায়সঙ্গত রূপান্তরের কোনো বিকল্প নেই।
শুক্রবার (৫ জুন) রাজধানীর শ্যামলী পার্কে ‘এখনই নবায়নযোগ্য জ্বালানি’র দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশ, মূকাভিনয় ও পোস্টার বিতরণ কর্মসূচিতে এসব দাবি জানানো হয়। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ৩১টি পরিবেশ, উন্নয়ন, যুব ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে বদরুল আলম বলেন, জলবায়ু সংকট ও পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন ব্যবস্থা। তিনি বলেন, সৌরশক্তি, বায়ুশক্তি ও অন্যান্য পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়িয়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে হবে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্য সচিব শরীফ জামিল বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম হলেও দেশে এখনও জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্প সম্প্রসারণের প্রবণতা দেখা যাচ্ছে। তিনি আসন্ন জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে করমুক্ত সুবিধা ও প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, জীবিকা ও প্রাকৃতিক সম্পদ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সৌর ও বায়ুশক্তির ব্যবহার বাড়ানো, জীবাশ্ম জ্বালানিতে নতুন বিনিয়োগ বন্ধ এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার সম্প্রসারণ জরুরি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিখিল চন্দ্র ভদ্র, মোস্তফা কামাল আকন্দ, ফয়সাল আহমেদ, মীর মোহাম্মদ আলী, সানজিদা রহমান, হাবিব রহমান ও ইকবাল ফারুক।
কর্মসূচির অংশ হিসেবে জলবায়ু সংকট ও পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে একটি মূকাভিনয় পরিবেশন করা হয়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিসংবলিত পোস্টার সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
আয়োজকদের ভাষ্য, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ভবিষ্যৎ গড়ে তুলতে জনমত সৃষ্টি করাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।