EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নৌ পুলিশের সক্ষমতা বাড়াতে হবে: আইজিপি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:১০ পিএম

প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নৌ পুলিশের সক্ষমতা বাড়াতে হবে: আইজিপি
অ অ

প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নৌ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করার এবং জনগণের সেবা সুনিশ্চিত করার দিক-নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে তিনি জনগণের প্রতি ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রতিপালনের নির্দেশ দেন।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর গুলশানে নৌ পুলিশ হেডকোয়ার্টার্স (পুলিশ প্লাজা কনকর্ড) পরিদর্শনকালে নৌ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় আইজিপি এসব কথা বলেন।

নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে আইজিপি মো. আলী হোসেন ফকিরকে স্বাগত জানান নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।

মতবিনিময় সভায় আইজিপি বিদায়ী ঈদুল আজহায় নৌপথে চলাচলরত যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশের সরব উপস্থিতি ও দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়া দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা, জলজ সম্পদ রক্ষা, ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলদস্যুতা দমনে নৌ পুলিশের ভূমিকার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থায়ন) মো. আকরাম হোসেন, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মঈদসহ নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন