আড়াইহাজারে পানিতে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:৪২ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- রূপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র ছিলেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই শিশু ঈদ উপলক্ষ্যে তার নানা তাজুলের বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুর ১২টার দিকে তারা একত্রে নানার পুকুরে গোসল করতে যায়। এ সময় এক ভাই তলিয়ে গেলে অন্য ভাই তুলতে যায়। এতে দুই ভাই একত্রে পানিতে ডুবে যায়। পরে স্বজনরা উদ্ধার করে শিশু দুটিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।