ট্রাফিক আইনে কড়াকড়ি: এখন থেকে অন্তত ৫০ শতাংশ মামলা হবে চালকের বিরুদ্ধে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০২:৫১ এএম
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এখন থেকে অন্তত ৫০ শতাংশ মামলা গাড়ির মালিকের পরিবর্তে সরাসরি চালকের বিরুদ্ধে দায়ের করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান।
মঙ্গলবার (৩ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, এতদিন অধিকাংশ ক্ষেত্রে গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করা হলেও প্রকৃতপক্ষে আইন ভঙ্গের সঙ্গে সরাসরি জড়িত থাকেন চালক। ফলে অনেক সময় চালকরা জবাবদিহির বাইরে থেকে যান।
তিনি বলেন, “গাড়ি চালাচ্ছেন চালক, কিন্তু দেখা যায় তিনি ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। তাই এখন থেকে উল্লেখযোগ্য সংখ্যক মামলা সরাসরি চালকের নামে করা হবে।”
মো. আনিসুর রহমান জানান, চালকের বিরুদ্ধে মামলা হলে তাকে জরিমানা পরিশোধ করতে হবে। পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পদ্ধতির আওতায় তার ড্রাইভিং লাইসেন্স থেকে নির্ধারিত পয়েন্ট কেটে নেওয়া হবে।
তার ভাষ্য, এ ব্যবস্থার ফলে ভবিষ্যতে গাড়ির মালিকরা কোনো চালককে নিয়োগ দেওয়ার আগে তার ড্রাইভিং লাইসেন্সের রেকর্ড ও ডিমেরিট পয়েন্ট যাচাই করতে পারবেন। এতে দক্ষ ও দায়িত্বশীল চালক বাছাই করা সহজ হবে।
ভুয়া মামলার বিষয়ে জনমনে কোনো বিভ্রান্তি না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্রাফিক বিভাগ কখনোই কোনো নাগরিকের কাছে পাসওয়ার্ড, ওটিপি বা গোপন কোড নম্বর চাইবে না। মামলা সংক্রান্ত যে নোটিশ পাঠানো হবে, তাতে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাক্ষর থাকবে।
তিনি আরও জানান, মামলার কপিতে ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের কর্মকর্তাদের স্বাক্ষরও সংযুক্ত থাকবে, যাতে এর সত্যতা যাচাই করা সহজ হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, শিগগিরই রাজধানীতে যানবাহনের নম্বরপ্লেট সঠিকভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, নম্বর স্পষ্টভাবে লেখা আছে কি না এবং আইন অনুযায়ী ব্যবহার করা হচ্ছে কি না—তা যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়কে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।