আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহসভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম
বৈশ্বিক শ্রম ব্যবস্থাপনায় বড় ধরনের কূটনৈতিক সাফল্য পেয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম বার্ষিক সম্মেলনের সহসভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নাহিদা সোবহান এই পদে দায়িত্ব পালন করবেন। গতকাল সোমবার থেকে শুরু হওয়া এই সম্মেলনে বিশ্বজুড়ে শ্রম অধিকার ও কর্মসংস্থান সংক্রান্ত শীর্ষ নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা হবে।
এবারের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন উরুগুয়ের শ্রম ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী জুয়ান কাস্টিলো। আর বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানের পাশাপাশি অন্য দুই সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার জেরার্ডো মার্টিনেজ এবং যুক্তরাষ্ট্রের ক্রিস্টেন কফম্যান।
আইএলওর ১৮৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্ব, শোভন কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সরকারের প্রতিশ্রুতির প্রতি বিশ্ব সম্প্রদায়ের গভীর আস্থা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটেছে।
সম্মেলনের সহসভাপতি হিসেবে বাংলাদেশ এখন থেকে শ্রমিক অধিকার ও কর্মসংস্থান সংক্রান্ত বৈশ্বিক ইস্যুগুলোতে বিভিন্ন দেশ ও অংশীজনদের মধ্যে নীতিগত ঐক্যমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবর্তনশীল বিশ্বের শ্রম খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক কূটনীতি জোরদার করতে এই পদ প্রাপ্তি বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
আইএলওর সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় এই আন্তর্জাতিক শ্রম সম্মেলনকে সর্বোচ্চ ফোরাম বা ‘বিশ্বের শ্রম সংসদ’ হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের সরকার, শ্রমিক ও মালিক সংগঠনের প্রায় পাঁচ হাজার প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিচ্ছেন।