সৌদিতে হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, এখন পর্যন্ত ৪১ জন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:০২ এএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও দুই বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) তাঁরা মারা যান। এর ফলে চলতি বছর হজে গিয়ে বাংলাদেশি মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুই হাজি হলেন—নওগাঁর মো. আবদুল মজিদ এবং ঢাকার খিলগাঁওয়ের মো. শাহজাহান আলী। আবদুল মজিদ মদিনায় এবং শাহজাহান আলী মক্কায় মারা যান।
পোর্টালের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত মারা যাওয়া ৪১ জন বাংলাদেশির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাদের মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন।
এদিকে হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি হজ ফ্লাইট ৩০ মে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত।
এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন মুসল্লি হজ পালন করতে সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন যান। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালন করেন।