EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নেতাকর্মীদের মাঝে কোরবানির মাংস ও ঈদ উপহার বিতরণ ভূমি প্রতিমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৯:৩৭ পিএম

নেতাকর্মীদের মাঝে কোরবানির মাংস ও ঈদ উপহার বিতরণ ভূমি প্রতিমন্ত্রীর
অ অ

আর্থিক অনটনের কারণে যারা এবার কোরবানি দিতে পারেননি, সেইসব দুস্থ ও অসহায় দলীয় নেতাকর্মীদের মাঝে কোরবানির মাংস, ঈদ সামগ্রী ও পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

ঈদের দ্বিতীয় দিন আজ শুক্রবার ব্যক্তিগত তহবিল ও বিভিন্ন সংস্থার অনুদানে মোট ৪০টি গরু জবেহ করে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নেন। চট্টগ্রাম মহানগর ও হাটহাজারীর পাঁচটি ভিন্ন স্পটে সুবিধা-বঞ্চিত নেতাকর্মীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

তার এমন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগে অভিভূত ও আবেগে আপ্লুত হয়ে পড়েন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা।

উপহার বিতরণ উপলক্ষ্যে হাটহাজারীর মীরেরখিল প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদমকেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। সাধারণ ও মেহনতি মানুষের কল্যাণে আমার পরিবার দীর্ঘকাল ধরে নিবেদিতপ্রাণ। পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। আমরা সমাজে এমন এক পরিবেশ তৈরি করতে চাই যেখানে শান্তি, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ঈদসহ সব উৎসব উদযাপন করতে পারে। কোনো বৈষম্য বা অভাব যেন সাধারণ মানুষের ঈদের আনন্দকে মলিন করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আমাদের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অসহায়, দরিদ্র এবং সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নির্দেশেই তৃণমূলের প্রতিটি মানুষের দোরগোড়ায় সুশাসন ও অধিকার পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমকেয়ার ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও প্রধান সমন্বয়ক, প্রতিমন্ত্রীর পত্নী নওশীন আরজান হেলাল এবং মাওলানা মীর মোহাম্মদ ইদ্রিস। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও তার পরিবারের সদস্যরা উপস্থিত সবার হাতে কোরবানির মাংস ও পবিত্র কোরআন শরীফসহ ঈদ উপহার তুলে দেন।

আরও পড়ুন