EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মন্ত্রিত্ব কোনো ‘সোনার হরিণ’ নয়, দায়িত্ব পালনে অর্থকষ্টে আছি: সমাজকল্যাণমন্ত্রী

মন্ত্রী বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জনমত গঠনে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১১:৩৫ পিএম

মন্ত্রিত্ব কোনো ‘সোনার হরিণ’ নয়, দায়িত্ব পালনে অর্থকষ্টে আছি: সমাজকল্যাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মন্ত্রিত্ব কোনো ‘সোনার হরিণ’ বা ‘সোনার বাটি’ নয়; বরং এটি অত্যন্ত কঠিন ও দায়িত্বপূর্ণ কাজ। মন্ত্রী হওয়ার পর তিনি অর্থনৈতিকভাবেও কষ্টে আছেন বলে মন্তব্য করেছেন।

বুধবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তন- এ উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মন্ত্রিত্ব এমন কোনো সোনার হরিণ নয়, সোনার বাটিও নয়। আমাকে দেখলেই বোঝা যায়, দায়িত্বশীল মন্ত্রী হওয়ার আগে অর্থনৈতিকভাবে আরও বেশি স্বাবলম্বী ছিলাম। মন্ত্রী হওয়ার পর অর্থনৈতিকভাবে অনেক কষ্টের মধ্যে আছি। সরকার যে বেতন দেয়, তা দিয়ে সংসার চালানো কঠিন। এ কারণে আবার সপ্তাহে তিন দিন দুই ঘণ্টা করে রোগী দেখা শুরু করেছি, যাতে সংসারটা একটু ভালোভাবে চলে।’

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকে মনে করেন মন্ত্রিত্ব খুব লোভনীয় বিষয়। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় নয়। এটি অত্যন্ত কঠিন দায়িত্ব। ফজরের নামাজের পর থেকেই কাজ শুরু করতে হয়, অনেক সময় রাত দুইটা পর্যন্ত দৌড়ের ওপর থাকতে হয়।’

বিরোধী রাজনৈতিক নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘২০২৪ সালের আগস্টের পর অনেকের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। দামি পোশাক পরে চলাফেরা করছেন। কিন্তু তাঁদের আয়কর ফাইলের অবস্থা কী, সেটাও জনগণ জানতে চায়। আমরা নির্বাচনের আগে আমাদের সম্পদ বিবরণী ও ট্যাক্স তথ্য প্রকাশ করেছি, যা ওয়েবসাইটে দেখলেই মানুষ জানতে পারে।’

স্বৈরাচার ও গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বৈরাচার আর গণতন্ত্র এক নয়। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই সরকার, মন্ত্রী ও প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ।’

অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জনমত গঠনে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজিনা খাতুন, হারেজ উদ্দিন, জাকির হোসেন, মাসুদ রানা, ফেরদৌস রহমান ও সাখাওয়াত হোসেন প্রমুখ।

আরও পড়ুন