ঈদে নৌপথে হয়রানির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: নৌপরিবহনমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৪:৪৭ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথে ঘরমুখী মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে সদরঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যান তারা।
পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী টার্মিনালের যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা, ভাড়া নিয়ন্ত্রণ, লঞ্চ চলাচল ও সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদে লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি লঞ্চে নির্ধারিত ভাড়ার চার্ট এবং ডিজিটাল ডিসপ্লে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যাত্রীসেবায় কোনো ধরনের অনিয়ম বা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ‘সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। বৈরী আবহাওয়ায় যাত্রা কিছুটা বিলম্বিত হলেও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে যাতায়াত করতে হবে।’
অন্যদিকে বিশেষ নজরদারির বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যাত্রীদের নিরাপদে লঞ্চে ওঠানামার জন্য এবার পৃথক সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া সার্বক্ষণিক নজরদারির জন্য মনিটরিং সেল, কন্ট্রোল রুম ও সিসি ক্যামেরা সচল রয়েছে। যাত্রীদের সুবিধার্থে ট্রলি ও বিশ্রামাগারসহ বিভিন্ন সেবামূলক উদ্যোগও চালু রাখা হয়েছে বলে জানান তিনি।