নতুন করে ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মত বাংলাদেশ ও আইএমএফ
বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে বাস্তবায়নই হবে মূল কৌশল...
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:০১ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নতুন একটি তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচি প্রণয়নে একমত হয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর্মসূচি পর্যায়ক্রমে ও বাস্তবসম্মতভাবে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।
গত ২১ মে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান আইএমএফ কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অর্থমন্ত্রী সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঠামোগত সংস্কার অব্যাহত রাখার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তবে তিনি উল্লেখ করেন, বর্তমান আইএমএফ কর্মসূচি ভিন্ন অর্থনৈতিক ও নীতিগত প্রেক্ষাপটে গ্রহণ করা হয়েছিল। তাঁর ভাষায়, ‘পরবর্তীতে উদ্ভূত দেশীয় বাস্তবতা, রাজনৈতিক অর্থনীতি এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে কিছু সংস্কার বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।’
অর্থমন্ত্রী আরও জানান, সরকার সংস্কারে অঙ্গীকারবদ্ধ থাকলেও ধাপে ধাপে এগোনোর পদ্ধতিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা দেশের বর্তমান অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক বাস্তবতাকে প্রতিফলিত করে। এ লক্ষ্যে নবনির্বাচিত সরকারের অধীনে নতুন তিন বছরের কর্মসূচি গ্রহণের প্রস্তাব করেন তিনি।
আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্ক বাংলাদেশের এই সংস্কার উদ্যোগকে স্বাগত জানান এবং নতুন কর্মসূচি প্রণয়নে আইএমএফের ঘনিষ্ঠ সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন। উভয়পক্ষ দ্রুততম সময়ের মধ্যে নতুন কর্মসূচি প্রণয়নের কার্যক্রম শুরু করতে সম্মত হয়েছে।
উল্লেখ্য, অর্থমন্ত্রী সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিশ্বব্যাংক গ্রুপ-আইএমএফ বসন্তকালীন বৈঠকে অংশ নেন এবং সেই আলোচনার ভিত্তিতে সরকার ইতোমধ্যে অভ্যন্তরীণ পর্যালোচনা সম্পন্ন করেছে বলে জানান।