EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নতুন পে স্কেল: শিক্ষক-কর্মচারীদের কার কত বেতন বাড়ছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:০১ পিএম

নতুন পে স্কেল: শিক্ষক-কর্মচারীদের কার কত বেতন বাড়ছে
অ অ

সরকার নবম পে-স্কেল কার্যকরের দিকে এগোচ্ছে। প্রস্তাবিত এই পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেসিক দ্বিগুণ করার বিষয়েও আলোচনা চলছে।

এই সুবিধার আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও আসতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের অভিযোগ তুলে আসা শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

কোন গ্রেডে কত বাড়তে পারে বেতন

পে-কমিশনের সুপারিশ অনুযায়ী- বর্তমানে চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের মূল বেতন (বেসিক) ৫০ হাজার টাকা। সে হিসেবে বেসিকের ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে তাদের বেতন বেড়ে হবে ৭৫ হাজার টাকা।

ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের ৩৫ হাজার ৫০০ টাকার বেসিক বেড়ে দাঁড়াবে ৫৩ হাজার ২৫০ টাকায়। সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের ২৯ হাজার টাকার মূল বেতন বেড়ে হবে ৪৩ হাজার ৫০০ টাকা।

নবম গ্রেডের কলেজ প্রভাষকদের ২২ হাজার টাকার বেতন বেড়ে হবে ৩৩ হাজার টাকা এবং দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের ১৬ হাজার টাকার বেসিক বেড়ে দাঁড়াবে ২৪ হাজার টাকায়।

অন্যদিকে, ১১তম থেকে ২০তম গ্রেডের শিক্ষক-কর্মচারীদের জন্য বেতন বাড়ানোর দুটি সম্ভাব্য হিসাব আলোচনায় রয়েছে—একটি ৫০ শতাংশ এবং অন্যটি দ্বিগুণ বৃদ্ধির। ১১তম গ্রেডের বিএডবিহীন সহকারী শিক্ষকদের বর্তমান মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা। ৫০ শতাংশ বাড়লে তা হবে ১৮ হাজার ৭৫০ টাকা, আর বেতন দ্বিগুণ হলে পৌঁছাবে ২৫ হাজার টাকায়।

এ ছাড়া ১৬তম গ্রেডের অফিস সহকারী কাম হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের বর্তমান বেসিক ৯ হাজার ৩০০ টাকা। ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে তাদের বেতন দাঁড়াবে ১৩ হাজার ৯৫০ টাকায়। আর দ্বিগুণ বৃদ্ধি হলে তা বেড়ে হবে ১৮ হাজার ৬০০ টাকা।

একইভাবে, ১৮তম গ্রেডের ল্যাব সহকারীদের বর্তমান ৮ হাজার ৮০০ টাকার বেসিক ৫০ শতাংশ বৃদ্ধি পেলে হবে ১৩ হাজার ২০০ টাকা এবং শতভাগ বৃদ্ধি হলে হবে ১৭ হাজার ৬০০ টাকা।

২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াদের বর্তমান ৮ হাজার ২৫০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে দাঁড়াবে ১২ হাজার ৩৭৫ টাকায়। আর ১০০ শতাংশ বৃদ্ধি হলে তাদের বেতন হবে ১৬ হাজার ৫০০ টাকা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার।

তার ভাষ্য, বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান বেতনে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই আসন্ন বাজেটে সরকার বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশা করছেন।

তিনি আরও জানান, নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও এতে অন্তর্ভুক্ত করা হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা রয়েছে।

আরও পড়ুন