জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে হামলা, অভিযানে আটক ৩০
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের নির্মাণাধীন ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তারা মুহুর্মুহু গুলিবর্ষণ করে এবং নির্মাণাধীন ক্যাম্পটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এই ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ২০ থেকে ৩০ জনকে আটক করেছে।
রবিববার (২৪ মে) রাত ১টার পর জঙ্গল সলিমপুরে স্থাপিত র্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীরা একে-৪৭সহ বিভিন্ন অস্ত্র থেকে গুলি ছোড়ে বলে জানিয়েছেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
তিনি জানান, হামলার পরপরই সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী অভিযান শুরু করে।
অভিযানের সময় সন্ত্রাসীরা ক্যাম্পে গুলিবর্ষণের পাশাপাশি যাতায়াতের সড়ক কেটে দেয়, ফলে যৌথবাহিনীর যানবাহন প্রবেশ করতে পারেনি। বাধ্য হয়ে সদস্যরা হেঁটে এলাকায় প্রবেশ করেন। এ সুযোগে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাব-৭ অধিনায়ক আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে রাবার বুলেট এবং পরে ফাঁকা গুলি ছোড়া হয়। তিনি দাবি করেন, অভিযানে জঙ্গল সলিমপুর থেকে বিতাড়িত ‘ইয়াসিন গ্রুপ’ এই হামলার সঙ্গে জড়িত।
এদিকে আটকদের মধ্যে যাচাই-বাছাই শেষে নিরপরাধদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে যৌথবাহিনী।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, যে ক্যাম্পটি সন্ত্রাসীরা গুঁড়িয়ে দিয়েছে সেটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। ঈদের পর এটি উদ্বোধনের পরিকল্পনা ছিল।
তিনি আরও বলেন, হামলায় কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হননি এবং সন্ত্রাসীরা আর জঙ্গল সলিমপুরে ফিরে আসতে পারবে না।
প্রসঙ্গত, গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসনের তথ্যমতে, প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি নিয়ে গঠিত এই এলাকায় দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব ছিল। পরে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রশিক্ষণকেন্দ্র ও ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।