EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পশুর হাটে ছিনতাই রোধে মাঠে র‌্যাব, বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট

গাবতলী হাট পরিদর্শনে র‌্যাব মহাপরিচালক, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৩:৪১ পিএম

পশুর হাটে ছিনতাই রোধে মাঠে র‌্যাব, বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট

ছবি: সংগৃহীত

অ অ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২৪ মে) র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

ঈদের সময় রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম কমে যাওয়ায় পশু বিক্রির টাকা ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যায়। এই পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে র‌্যাবের চেকপোস্ট ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পশুর হাটগুলোতে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।

ক্রেতাদের ভোগান্তি কমাতে নগদ লেনদেন পরিহার করে কার্ড বা ক্যাশলেস পদ্ধতিতে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। জাল টাকা শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

এ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহনকে জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিয়ে যাওয়া ঠেকাতেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। বিগত বছরগুলোর মতো এ বছরও মানুষ নির্বিঘ্নে ঈদের আনন্দে অংশ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

আরও পড়ুন