EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঈদকে ঘিরে পশুর হাটে নিরাপত্তা জোরদার, মাঠে র‌্যাবের বিশেষ টহল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০২:১৪ পিএম

ঈদকে ঘিরে পশুর হাটে নিরাপত্তা জোরদার, মাঠে র‌্যাবের বিশেষ টহল
অ অ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট, টহল ও কন্ট্রোল রুম স্থাপনের পাশাপাশি জাল টাকা ও ছিনতাই প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে।

রবিবার (২৪ মে) গাবতলী পশুর হাট পরিদর্শন করেন র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। এ সময় তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

র‌্যাব জানিয়েছে, ঈদ উপলক্ষে পশুর হাটকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সারা দেশে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদে গবাদিপশু হাটে আনা-নেওয়া নিশ্চিত করতে দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

এ ছাড়া ঈদের সময় নগর এলাকায় জনসমাগম তুলনামূলক কমে যাওয়ায় পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঝুঁকি বাড়তে পারে উল্লেখ করে নিরাপত্তা চৌকি ও টহল সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে বাহিনীটি।

পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হয়েছে। একই সঙ্গে নগদ লেনদেনের পরিবর্তে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে।

র‌্যাব আরও জানিয়েছে, জাল টাকা শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল টাকা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশুবাহী যানবাহনকে জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব আশা প্রকাশ করে জানিয়েছে, সবার সহযোগিতায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন সম্ভব হবে।

আরও পড়ুন