ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপি সদস্য ও কর্মচারী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:১৮ পিএম
ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য-সদস্যা এবং ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কল্যাণমূলক এ উদ্যোগের অংশ হিসেবে মোট ২৮ হাজার ৩৬৫ জনকে এ উপহার প্রদান করা হয়।
শনিবার (২৩ মে) রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত বাহিনীর সদর দপ্তরে এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ৬৪ জেলার ভাতাভোগী সদস্য-সদস্যা ও কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহারের প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস, চিনি ও বিভিন্ন ধরনের রান্নার মসলা।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, “সংস্কার পরিকল্পনা ২০৩৫ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সংগঠিত ও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। নির্ধারিত লক্ষ্য থেকে কোনোভাবেই বিচ্যুত হওয়া যাবে না।”
তিনি আরও বলেন, বাহিনীর সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার মাধ্যমে এ অগ্রযাত্রা আরও বেগবান করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপমহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও উৎসবের আনন্দ ভাগাভাগি করতে সহায়তা করবে। একই সঙ্গে এটি কর্মীদের মনোবল ও কর্মউদ্দীপনা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।