‘বাঙালির মুক্তি ও সম্প্রীতির পথপ্রদর্শক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:০৪ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি হিসেবেই নয়, বরং বাঙালির মুক্তি ও সম্প্রীতির একজন পথপ্রদর্শক ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কবি নজরুল মাত্র ২০-২১ বছরের কর্মজীবনে যে বিপুল পরিমাণ সাহিত্য ও সংগীত সৃষ্টি করেছেন, তা সত্যিই বিস্ময়কর। তাঁর এই ক্ষুরধার প্রতিভা ও চিন্তার ব্যাপকতা আজও সমানভাবে প্রাসঙ্গিক। ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নজরুলের গান ও কবিতা ছিল আমাদের মূল শক্তি। এমনকি সাম্প্রতিক সময়ের গণঅভ্যুত্থানেও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ের চেতনা কাজ করেছে নজরুলের বৈচিত্র্যময় লেখনিতে।
তিনি বলেন, নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তিনি একই হাতে গজল ও শ্যামা সংগীত লিখেছেন। তিনি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মধ্যে মেলবন্ধন তৈরি করেছিলেন, যা সম্প্রীতি ও বৈচিত্র্যই আমাদের জাতীয় সম্পদ।
নজরুলের এই বৈচিত্র্যময় ও অসাম্প্রদায়িক চেতনাকে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারলে জাতীয় ঐক্য ও উন্নয়নের পথে একটি বড় শক্তি হতে পারে বলেও জানান মন্ত্রী।