EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ, উদ্ধার ২১ জেলে

অস্ত্র-গুলিসহ পালাল জাহাঙ্গীর ও দয়াল বাহিনীর সদস্যরা

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৪:৫৭ পিএম

সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ, উদ্ধার ২১ জেলে

ছবি: সংগৃহীত

অ অ

সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের পর মুক্তিপণের দাবিতে জিম্মি থাকা ২১ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (২২ মে) ভোরে খুলনার কয়রা ও দাকোপ উপজেলার সুন্দরবন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এই সাফল্য পায় কোস্টগার্ড। অভিযানে ডাকাতদের ব্যবহৃত একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’- এর আওতায় সপ্তমবারের মতো এই অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে কয়রা উপজেলার আন্দারমানিকের টোটা কেওড়াতলা খাল এলাকায় দুর্ধর্ষ দয়াল বাহিনীর কবল থেকে ১০ জন জেলেকে উদ্ধার করা হয়। খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর থেকে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে যাওয়া এই জেলেদের ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল সংলগ্ন এলাকা থেকে জিম্মি করে মুক্তিপণ দাবি করেছিল ডাকাতরা।’

দ্বিতীয় অভিযানে দাকোপ উপজেলার শিবসা নদীর বড় দুদমুখ খাল এলাকায় কুখ্যাত বড় জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে সরাসরি বন্দুকযুদ্ধ হয় কোস্টগার্ডের। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা আগে গুলি ছোড়ে। পাল্টা গুলিতে ডাকাতরা বনের গহিনে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে ১১ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার করা জেলেদের পরিবারের কাছে হস্তান্তর এবং জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

আরও পড়ুন