ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৩১ পিএম
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বৃহস্পতিবার (২১ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বিজিবি সূত্র জানায়, ঈদের আগে ও পরে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা করবে বিজিবি।
এ লক্ষ্যে ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।