EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আড়াইহাজারে বিএনপি নেতা খুনের ঘটনায় আটক ৪

নিহতের ভাতিজা জোবায়ের হোসেন জিকু বলেন, চাঁদা না দেওয়ায় রমজানের লোকজন আমার চাচাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে...

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:০৮ পিএম

আড়াইহাজারে বিএনপি নেতা খুনের ঘটনায় আটক ৪

ছবি: সংগৃহীত

অ অ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনিকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল ওসমান গনির। এক সপ্তাহ আগেও দুজনের মধ্যে ঝগড়া হয়। ঘটনার রাতে ভেকু নষ্ট হয়ে গেলে ওসমান গনি ঘটনাস্থলে যান। এ সময় রমজানের ২০ থেকে ২৫ জন লোক তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিনাইচর এলাকা অবরোধ করেন এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। পরে সকাল ১১টায় পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

নিহতের ভাতিজা জোবায়ের হোসেন জিকু বলেন, ‘চাঁদা না দেওয়ায় রমজানের লোকজন আমার চাচাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি জানাচ্ছি। বিচার না পেলে রাজপথে আন্দোলন করে যাব।’

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চললেও উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটককৃতরা হলেন রমজান, সুমন, সোলায়মান ও আরেক রমজান। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন