যুক্তরাষ্ট্রে প্যাসিফিক এয়ার চিফদের সিম্পোজিয়ামে অংশ নেন বিমানবাহিনী প্রধান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:৪৫ পিএম
প্যাসিফিক এয়ার ফোর্সেসের কমান্ডার জেনারেল কেভিন বি. স্নাইডারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে প্যাসিফিক এয়ার চিফদের সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
গত ১১ থেকে ১৫ মে বিমানবাহিনী প্রধান এ সফর করেন। পরে মঙ্গলবার (১৯ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে বিমানবাহিনী প্রধান হনলুলু ও হাওয়াইয়ে অনুষ্ঠিত ‘দ্য ২০২৬ প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়াম (পিএসিএস ২৬)’ এ অংশগ্রহণ করেন। উক্ত সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিমান বাহিনীর নেটওয়ার্কিং ও তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা করেন।
বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলেও আইএসপিআরের এ বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়।