প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান আইএসপিআরের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:২১ পিএম
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে ভুয়া আইনি নোটিশ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৯ মে) আইএসপিআর থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি দেশের বিভিন্ন জেলার একাধিক ব্যক্তিকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে মিথ্যা ও ভূয়া আইনি নোটিশ পাঠাচ্ছে। এসব নোটিশে জেল-জরিমানা ও শাস্তির ভয় দেখিয়ে আর্থিক সুবিধা আদায়ের অপচেষ্টা চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ‘আইন নিয়ন্ত্রণ বিভাগ’ কিংবা ‘ক্রাইম ইউনিট সেল’ নামে কোনো বিভাগ, শাখা বা সেল নেই। একই সঙ্গে এ ধরনের কোনো কার্যক্রমও মন্ত্রণালয় পরিচালনা করে না।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রতারকদের এ ধরনের অপতৎপরতায় বিভ্রান্ত না হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে। তাই সন্দেহজনক কোনো নোটিশ বা বার্তা পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছেন তারা।