‘ভুঁইফোঁড় মিডিয়া’র আড়ালে আ. লীগ নেতারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী
যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সবার পেশাগত পরিচয়ও সাংবাদিকতা নয়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:৩৩ পিএম
মামলার মুখে পড়া যেসব আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা সাংবাদিক পরিচয়ে অভ্যুত্থানের সময় মানুষের ওপর নির্যাতনে জড়িত ছিলেন, তারাই এখন রাজনৈতিক সুবিধা পেতে ভুঁইফোঁড় গণমাধ্যমের পরিচয়ও ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবাদিকদের নামে হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবাদিকদের নামে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে একটি মিডিয়া কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। কমিশনের প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা হবে।
তথ্যমন্ত্রী জানান, বিগত সময়ে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত একটি পর্যালোচনা কমিটি সাংবাদিকদের কাছ থেকে অভিযোগ সংগ্রহ করে। সেখানে মোট ৯২ জন সাংবাদিক তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা থাকার তথ্য দিয়েছেন।
তবে তিনি বলেন, সব মামলার বাদী সরকার নয়। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত বিরোধ থেকেও মামলা হয়েছে। পাশাপাশি যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সবার পেশাগত পরিচয়ও সাংবাদিকতা নয়।
তার ভাষায়, অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন অনিয়ম ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
মিডিয়া কমিশন গঠনের পরিকল্পনা
তথ্যমন্ত্রী জানান, আগামী জুনের মধ্যে একটি পরামর্শ কমিটি গঠন করে মিডিয়া কমিশনের খসড়া তৈরি করা হবে। এর মাধ্যমে গণমাধ্যম ব্যবস্থার জন্য একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, প্রেস কাউন্সিলকে আরও কার্যকর করা এবং গণমাধ্যম ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার বিষয়েও কাজ করা হবে।
সরকারের মতে, বর্তমান গণমাধ্যম ব্যবস্থায় কিছু অরাজকতা রয়েছে এবং সেটি দূর করে একটি নিয়মিত কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।