বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন সাবেক ছাত্রদল নেতা স্বাধীন
ডেইলি সান রিপোর্ট, বগুড়া
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:২১ পিএম
বগুড়ার নবগঠিত সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন সাবেক বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র বর্তমান সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন।
সরকারি আদেশে (জিও) নিয়োগপ্রাপ্ত হওয়ার পর মঙ্গলবার (১৯ মে) সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক পদে যোগদান করেন।
এর আগে সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখার উপসচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ১৩তম বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
গত ১৪ মে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত সরকারি গেজেটে প্রায় ১৫০ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বগুড়া পৌরসভা এবং এর সঙ্গে সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন সম্প্রসারিত ও পার্শ্ববর্তী এলাকার সমন্বয়ে মোট ২১টি ওয়ার্ড নিয়ে এই নতুন সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে।
গত ১৪ মে রাষ্ট্রের পক্ষে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান স্বাক্ষরিত সরকারি গেজেটে বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হয়। ঘোষিত গেজেট অনুযায়ী বগুড়া পৌরসভা ছাড়াও সদর ও শাজাহানপুর উপজেলার ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সূত্রাপুর, মালগ্রাম, ঠনঠনিয়া, মালতীনগর, ফুলদিঘী ও বেতগাড়ীসহ কয়েকটি সম্প্রসারিত এলাকা নিয়ে সর্বমোট ২১টি ওয়ার্ডের সমন্বয়ে নতুন এই সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে অবশেষে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু হলো উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়া।
এদিকে, বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা এবং প্রথম প্রশাসক নিয়োগের ঘটনায় শহরজুড়ে নতুন এক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নানা রকম সমস্যার সমাধান ছাড়াও উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বপ্ন বুনছে স্থানীয় নগরবাসী ও রাজনৈতিক নেতাকর্মীরা। তবে নবগঠিত এই সিটি কর্পোরেশনকে পূর্ণাঙ্গ কাঠামোতে দাঁড় করানো, অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় নাগরিক সেবা প্রদানই হবে প্রশাসকের সামনে বড় চ্যালেঞ্জ।
অপরদিকে, দায়িত্ব গ্রহণের পর এম আর ইসলাম স্বাধীন বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, সকলের সহযোগিতায় বগুড়া সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবেন।