EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে: পানিসম্পদ মন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৫৩ পিএম

খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে: পানিসম্পদ মন্ত্রী
অ অ

খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ বৃদ্ধি, মৎস্য উৎপাদন বাড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ম্যানিফেস্টো টু অ্যাকশন: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, টেকসই পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনার পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবেলা করে কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

খাল খননের পাশাপাশি অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, মেধাবীরা ছাত্র রাজনীতিতে এলে যোগ্য নেতৃত্ব তৈরি হবে এবং দেশ উপকৃত হবে। জাতীয় কল্যাণে মেধাবীদের ছাত্র রাজনীতিতে অংশ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার কৃষি, মৎস্য, পরিবেশ ও নদীর নাব্যতায় ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা ও বিশেষজ্ঞ মতামত সম্পন্ন হলে দ্রুত প্রকল্প অনুমোদন দেওয়া হবে।

সংলাপে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু-সহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন