তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:৪৭ পিএম
রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তবে এ জন্য সবাইকে ধৈর্য ধরতে ও অপেক্ষা করতে হবে।
সোমবার (১৮ মে) দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সামনে বর্তমানে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে—ফারাক্কা ইস্যু, পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা। এসব প্রকল্প বাস্তবায়নে কারিগরি যাচাই-বাছাই ও নানা পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, সরকারের মাত্র তিন মাস হয়েছে। একটি মহাপরিকল্পনা বা বড় ব্যারেজ নির্মাণ করতে গেলে অনেক প্রযুক্তিগত বিষয় বিবেচনায় নিতে হয়। আমরা পর্যায়ক্রমে কাজ করছি।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, পদ্মা ব্যারেজের কাজ এগিয়েছে। ইনশাআল্লাহ, তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন হবে। একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন।
ফারাক্কা চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী ১১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হবে। ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে হওয়া চুক্তিকে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সেই অভিজ্ঞতার আলোকে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।
এর আগে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্তানদের শুধু চিকিৎসক, প্রকৌশলী বা বিসিএস ক্যাডার নয়, খেলাধুলাতেও দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রতিভাবান শিশুদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ ও জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।