EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুন্দরবনে অভিযানে ৪ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক ২ দস্যু

দীর্ঘদিন ধরে সুন্দরবনে দস্যু কর্মকাণ্ডে জড়িত এই ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে

ডেইলি সান রিপোর্ট, খুলনা

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:০১ পিএম

সুন্দরবনে অভিযানে ৪ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক ২ দস্যু

ছবি: সংগৃহীত

অ অ

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় দস্যুদের কবল থেকে চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৭ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালনা করে কোস্টগার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। একই সঙ্গে তাদের জিম্মিতে থাকা চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার মো. রবিউল শেখ (৩০) এবং মোড়েলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)। এদের মধ্যে রাজন শরীফ করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। দীর্ঘদিন ধরে সুন্দরবনে দস্যু কর্মকাণ্ডে জড়িত এই ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে।

অভিযানে জব্দ করা হয়েছে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ‘উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন