লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ড পেল ১২৫১ পরিবার
জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড: পানিসম্পদ মন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৩টি গ্রামের ১ হাজার ২৫১টি নিম্নআয়ের পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
কুশাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মদনা, পুকুরদিয়া ও চর মটুয়া গ্রামের সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সরকারি সুবিধা অত্যন্ত সহজে পাবে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া, লক্ষ্মীপুর-৩ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।