EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর নির্যাতনের শিকার স্বামীর সংবাদ সম্মেলন

দ্রুত এ পরিস্থিতির সমাধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বলে জানান ভুক্তভোগী মাদ্রাসার শিক্ষক আজহারুল

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:১৫ পিএম

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর নির্যাতনের শিকার স্বামীর সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন ধরে স্ত্রীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক স্বামী। 

শনিবার (১৬ মে) দুপুরে শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের একটি রেস্তোরায় ভুক্তভোগী আজহারুল ইসলাম ও তার পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

আজহারুল ইসলাম ঠাকুরগাঁও সদরের সালন্দর সিংপাড়া তালিমুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক।

লিখিত বক্তব্যে আজহারুল ইসলাম জানান, ১৯৯৯ সালে সালন্দর এলাকার লাভলী বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্ত্রী লাভলী বেগম বিভিন্ন কৌশলে তার পৈতৃক জমি নিজের নামে লিখে দেওয়ার চাপ দিতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে জমির দাবি ও শারীরিক-মানসিক নির্যাতন দুটোই বাড়তে থাকে।

এক পর্যায়ে চলতি বছরের ২৬ এপ্রিল আজহারুল ইসলাম আইনি প্রক্রিয়ায় স্ত্রীকে তালাক দেন। এর জের ধরে গত ১৪ মে লাভলী তার দুই ভাই সাদ্দাম ও ইউনুসের সহযোগিতায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল নিয়ে আজহারুল ইসলাম ও তার পরিবারসহ মাদ্রাসায় হামলা চালান এবং মাদ্রাসার দরজায় তালা ঝুলিয়ে দেন। ৯৯৯-এ কল দিলে পুলিশ তাদের উদ্ধার করে। হামলায় আহত আজহারুল ইসলাম ও তার ভাইবোনেরা পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন।

আজহারুল ইসলাম জানান, হামলার পর থেকে তিনি নিজের বাসায় যেতে পারছেন না এবং মাদ্রাসা তালাবদ্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীরা পাঠগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত এ পরিস্থিতির সমাধান চেয়েই তিনি সংবাদ সম্মেলন করেছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে তার ভাই আব্দুল আলিম ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন