লন্ডনে সুদানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:১০ পিএম
যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস। আজ শনিবার লন্ডনের হোটেল হিলটনের লবিতে এই অনানুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম বঙ্গভবন প্রেস উইংকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও সুদানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং সে দেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক সংকটময় সময়ে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব প্রদানের জন্য রাষ্ট্রপতিকে সাধুবাদ জানান। তিনি সুদানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং বাংলাদেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুদানের প্রধানমন্ত্রীকে তাঁর আন্তরিকতা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশ ও সুদানের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।