EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে বিশ্ববাজারে ফিরিয়ে আনতে ব্র্যাকের প্রতি আহ্বান ভূমিমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, রাজশাহী

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:৩৪ পিএম

হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে বিশ্ববাজারে ফিরিয়ে আনতে ব্র্যাকের প্রতি আহ্বান ভূমিমন্ত্রীর
অ অ

হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ককে আবারও বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ব্র্যাকের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে রাজশাহীর রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব।

শুক্রবার (১৫ মে) সকালে রাজশাহীর পবা উপজেলার ব্র্যাক লার্নিং সেন্টারের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ব্র্যাক বার্ষিক প্রতিবেদন-২০২৫’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ব্র্যাক শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সুনাম অর্জন করেছে। রাজশাহীর সোনালি আঁশ পাটের ঐতিহ্য কিছুটা টিকে থাকলেও রেশম শিল্প প্রায় বিলুপ্তির পথে। ব্র্যাক তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি আরও বলেন, প্রয়াত ব্র্যাক প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের দূরদর্শী নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায় ছোট পরিসরের একটি উদ্যোগ আজ বিশ্বজুড়ে স্বীকৃত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, ব্যবসা ও সেবামূলক কর্মকাণ্ডে ব্র্যাকের অবদান দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ব্র্যাককে অত্যন্ত সম্মান করেন। আগামী দিনে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্র্যাকের কাছ থেকে সরকার আরও বড় ধরনের সহযোগিতা প্রত্যাশা করে।’

অনুষ্ঠানে ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে রাজশাহী বিভাগে ব্র্যাকের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।

বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালে রাজশাহী বিভাগে ২০ হাজার ৭৯২টি অতিদরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭০৩টি পরিবার সফলভাবে দারিদ্র্যমুক্ত হয়েছে। এছাড়া জলবায়ু সহনশীলতা কর্মসূচির আওতায় সহায়তা পেয়েছেন ১১ হাজার ৪৫১ জন এবং ১ হাজার ৫৬৫ জন প্রতিবন্ধী ব্যক্তি বিভিন্ন সুবিধা পেয়েছেন।

মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে প্রায় ২১ লাখ সদস্য যুক্ত রয়েছেন, যাদের মধ্যে ৮৭ দশমিক ৮৯ শতাংশ নারী। পাশাপাশি ৯৩৮ জন বেকার যুবককে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে ব্র্যাকের কার্যক্রমের মধ্যে রয়েছে— ১ লাখ ৪৮ হাজার ৯৯৮ জনের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, ৮৪ হাজার ৫০৬ জন গর্ভবতী নারীর পূর্ণাঙ্গ প্রসবপূর্ব সেবা নিশ্চিতকরণ এবং ৪৫ হাজার ৬৩৮টি নিরাপদ প্রসব সম্পন্ন করা। এছাড়া ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষের চক্ষু পরীক্ষা এবং ২ হাজার ১৭৩টি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান, জেলা প্রশাসক মো. কাজী শহিদুল ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান।

আরও পড়ুন