খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: ত্রাণমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, চাঁদপুর
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:৪৪ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি বলেন, খালের পানি ব্যবহার করে সেচ সুবিধা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, খালপাড়ে বৃক্ষরোপণ এবং মাছ চাষের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (১৫ মে) বিকেলে চাঁদপুরের শাহারাস্তি উপজেলায় ‘খোর্দ’ খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা খালগুলো পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হবে। সরকারের এ উদ্যোগ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং টেকসই অর্থনৈতিক অগ্রগতির পথও সুগম করবে।
তিনি আরও বলেন, খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং অনেক এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। একই সঙ্গে খালকেন্দ্রিক মৎস্যসম্পদ ও সবুজায়নের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী আগামীকাল চাঁদপুর সফরে আসবেন বলেও জানান মন্ত্রী।
এ সময় চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হক, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।