EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মাদকাসক্ত সন্তানের হাতে মা খুনের ঘটনায় ফেনীতে মাদকবিরোধী প্রতিবাদ সভা

ডেইলি সান রিপোর্ট, ফেনী

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:১৩ এএম

মাদকাসক্ত সন্তানের হাতে মা খুনের ঘটনায় ফেনীতে মাদকবিরোধী প্রতিবাদ সভা
অ অ

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে মাদক কারবার ও মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর উদ্যোগে মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘মাদক নয়, জীবন চাই’ স্লোগানে আয়োজিত এ প্রতিবাদ সভায় স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তোফায়েল আহাম্মদ তপু। বক্তব্য দেন রাজাপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, রাজাপুর কলেজের সহকারী অধ্যাপক আবদুল হাইয়ুম জুয়েল এবং সংগঠনের কো-ফাউন্ডার মুজাহিদুল ইসলাম সেলিম।

রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুবনেতা মো. ফারুক, সাইফুদ্দিন পলাশ ও সমাজসেবক রুহুল আমিনসহ স্থানীয় ব্যক্তিরা।

বক্তারা বলেন, সম্প্রতি দিলপুর গ্রামে মা দিবসে এক মাদকাসক্ত ছেলে তার মাকে হত্যা করে। এ সময় তাকে ঠেকাতে গিয়ে বাবা ও বোন গুরুতর আহত হন। এ ঘটনাকে সামাজিক অবক্ষয়ের ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করে তারা বলেন, মাদকাসক্তি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

তারা অভিযোগ করেন, রাজাপুর কলেজসহ আশপাশের এলাকায় মাদক কারবারীদের আনাগোনা বেড়ে গেছে। মাদকের সঙ্গে জড়িতরা শিক্ষার্থীদের চলাচলের পথে ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

বক্তারা বলেন, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে প্রশাসনকে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তারা হুঁশিয়ারি দেন, কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে নামবে।

সমাবেশ থেকে আগামী বুধবার রাজাপুর বাজারে সর্বস্তরের মানুষকে নিয়ে আরও বড় পরিসরে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন