EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা
অ অ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। জেলার প্রায় ১৫ হাজার খামারে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে গো-খাদ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু আসা নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় খামারিরা।

তারা জানান, গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারের ব্যয় বেড়ে গেছে। গরু প্রতি মাসিক ব্যয় বেড়েছে ৭/৮ হাজার টাকা। প্রতি মণ ফিড ১২৫০ টাকা থেকে বেড়ে ১৩২০ টাকা, প্রতিকেজি সাইলেজ আগে সাড়ে ৭ টাকায় কিনলেও এখন ৮/৯ টাকায় কিনতে হচ্ছে।

অন্যদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় পশুর কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করছেন খামারীরা। এছাড়াও সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু এলে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়বেন বলেও জানান তারা।

খামারি আওলাদ হোসেন জানান, গত বছরের চেয়ে এবার গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারের খরচ বেড়ে গেছে। আগে আমরা প্রতি মণ ফিড ১২৫০ টাকায় আনতাম এখন বেড়ে ১৩২০ টাকা, প্রতি কেজি সাইলেজ আগে ৭ টাকা ধরে কিনতাম, সেটির দাম বেড়ে এখন ৮/৯ টাকায় কিনতে হচ্ছে। যা প্রতি গরুর প্রতি মাসিক ব্যয় বেড়েছে ৭ থেকে ৮ হাজার টাকা।

আরেক খামারি জাবেদ মিয়া জানান, আমার খামারে ছোট বড় মাঝারি প্রায় ৭০টির মতো গরু আছে। আমাদের জেলায় খামারিদের যে পরিমাণ গরু আছে তা চাহিদার চেয়েও বেশি আছে ইনশাআল্লাহ। গো খাদ্যের দাম বৃদ্ধির কারণে আমাদের খামারেও ব্যয় বেড়েছে। এরপরও আশা করি পশুর ভালো দাম পেলে আমরা তা পুষিয়ে নিতে পারব।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় ১ লাখ ৬৯ হাজার। বিপরীতে জেলায় কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৩৫টি। চাহিদার বাকি অংশ গৃহপালিত পশু দিয়ে পূরণ হবে বলে আশা করা হচ্ছে। জেলার ১৪ হাজার ৭৯২ জন ছোট-বড় খামারি সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে পশু হৃষ্টপুষ্ট করছেন।

প্রতিটি খামারে ছোট, মাঝারি ও বড় সব ধরনের কোরবানির পশু রয়েছে।

জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, কোরবানির চাহিদা মিটাতে জেলার খামারগুলোতে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। খামারিদের গবাদি পশু হৃষ্টপুষ্টকরণে স্টেরয়েডের ব্যবহার রোধে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন