‘শহীদদের স্মরণ করে শাপলা চত্বরে গণহত্যাকারীদের বিশেষ বার্তা দিয়েছে সরকার’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:৩৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদে শাপলা চত্বরে গণহত্যার শহীদদের স্মরণের মধ্যে দিয়ে এই সরকার হত্যাকারীদের একটি বিশেষ বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কোনো হত্যাকাণ্ডের বিচার যে তামাদি হয় না, শহীদদের সম্মানের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শাপলা চত্বরে গণহত্যার শিকার শহীদদের স্মরণ ও মূল্যায়ণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সবার গ্রহণযোগ্য লক্ষ্য অর্জনে এই জাতি সবসময় ঐক্যবদ্ধ। ভবিষ্যতে এই একতা বজায় রাখতে হবে। অপরাধ যে-ই করুক, তার বিরুদ্ধে সবার একতা জরুরি। শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে হেফাজতে ইসলামের যে দাবি, তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি।
৫ আগস্টের ঐক্য, নবীর অবমাননার বিরুদ্ধে ঐক্য এবং শাপলা চত্বরের শহীদদের ত্যাগের কথা স্মরণ করে জাতীয় সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী জহির উদ্দিন স্বপন।