জীবাশ্ম জ্বালানিমুক্ত বাংলাদেশ ও পৃথিবীর দাবিতে তরুণ জলবায়ু কর্মীদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০২:৩৮ পিএম
জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়ার দাবি জানিয়েছেন তরুণ জলবায়ু কর্মীরা। শুক্রবার (৮ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিশ্বব্যাপী বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ দূষণ বাড়িয়ে তুলছে। বিশেষ করে উন্নত দেশগুলোর অপরিকল্পিত ফসিল ফুয়েল ব্যবহারের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তারা তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিবর্তে সৌরশক্তিসহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি বিনিয়োগ ও নীতিগত পদক্ষেপ জোরদারের আহ্বান জানান।
জলবায়ু কর্মীরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ যখন নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হচ্ছে, তখন বাংলাদেশ এখনো তেল ও কয়লাভিত্তিক জ্বালানির ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। তারা উল্লেখ করেন, দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও কয়লার সংকটের কারণে অনেক ক্ষেত্রে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলী বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে নদ-নদীর পানি দূষিত হচ্ছে, মাছের উৎপাদন কমে যাচ্ছে এবং অনেক জেলে জীবিকা হারানোর ঝুঁকিতে পড়ছেন।
সম্প্রতি কলম্বিয়ায় অনুষ্ঠিত ‘সান্তা মার্তা সম্মেলন’ থেকে ফিরে আসা তরুণ জলবায়ু কর্মী ফারিহা অমি বলেন, সম্মেলনে অংশ নেওয়া ৫৭টি দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। তবে বাংলাদেশ সেখানে এ বিষয়ে কোনো সুস্পষ্ট অবস্থান তুলে ধরেনি।
তিনি বলেন, বাংলাদেশ যদি এখনই জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমাতে না পারে, তবে ভবিষ্যৎ প্রজন্মকে আরও বড় পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হতে হবে।
কর্মসূচিতে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ব্রাইটার্স, ওএবি ফাউন্ডেশন, ইউডো, ক্লাইমেট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ব্রতী, ওয়েলবিইং কেয়ার ফাউন্ডেশন এবং ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।