পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর লালমনিরহাট সীমান্তে উদ্বেগ, সতর্ক বিজিবি
নির্বাচন-পরবর্তী সহিংসতা, মুসলিমদের ওপর হামলা এবং বাংলাভাষী মুসলিমদের ‘অবৈধ’ তকমা দিয়ে পুশইনের শঙ্কা সীমান্তবর্তী গ্রামগুলোতে
ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর লালমনিরহাট সীমান্ত এলাকায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
নির্বাচন-পরবর্তী সহিংসতা, মুসলিম সংখ্যালঘুদের ওপর হামলা এবং বাংলাভাষী মুসলিমদের ‘অবৈধ’ তকমা দিয়ে বাংলাদেশে পুশইনের আশঙ্কায় সীমান্তবর্তী গ্রামগুলোতে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
সীমান্ত ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, লালমনিরহাটের ১৪৮ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্ত অধিবাসী কামাল উদ্দিন, বকুল মিয়া ও আব্বাসউদ্দিন জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেকোনো সময় বাংলাভাষীদের পুশইন করতে পারে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি বিএসএফের তৎপরতাও বৃদ্ধি পেয়েছে বলে তারা জানান।
এই পরিস্থিতিতে বিজিবি গোটা সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। দিনরাত টহল কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমেও সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি চলছে।
৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, সীমান্তে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং চেকপোস্টগুলোতে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। ভারত থেকে কেউ যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।