EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চুয়াডাঙ্গায় বিজিবির ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

বিজিবি জানায়, গত এক বছরে ৩৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদক জব্দ করা হয়েছে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:১৯ পিএম

চুয়াডাঙ্গায় বিজিবির ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ছবি: সংগৃহীত

অ অ

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর উদ্যোগে সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার (৬ মে) বেলা ১১টায় ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

৬ বিজিবি-র ব্যাটালিয়ন সদরে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান তার বক্তব্যে বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ তিনি মাদক মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ৩৪ কোটি ২০ লাখ ৪১ হাজার ৫৩৫ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে আজকের অনুষ্ঠানে মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত ৩ কোটি ১৮ লাখ টাকা মূল্যের মাদক ধ্বংস করা হয়েছে।

মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চুয়াডাঙ্গা ও মেহেরপুর), চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে বিজিবি নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

আরও পড়ুন