EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদসহ আটক ১৩

মিয়ানমারে পাচারকালে দেড় লাখ টাকার নিত্যপণ্য জব্দ

ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:২০ পিএম

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদসহ আটক ১৩

ছবি: সংগৃহীত

অ অ

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ ও মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্যপণ্যসহ ১৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড। 

বুধবার (৬ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ট্রলার থামানোর নির্দেশ দেয় কোস্ট গার্ড সদস্যরা। ট্রলারটি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সেটিকে জব্দ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৮ বোতল বিদেশি মদ উদ্ধারসহ ট্রলারে থাকা ১০ মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. ইলিয়াস (৩৫), মো. রিয়াজ (৩০), মো. তৈয়ব (২৪), মো. ইমরান (২১), মো. ফোরকান (৫৫), মো. নাসির (৩৫), মো. করিম (৩২), মো. আশরাফুল আলম (২৪), মো. হাসনাইন (২২) ও মো. উসমান (২৮)। তারা লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, কিশোরগঞ্জ ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।

এদিকে বুধবার ভোররাতে টেকনাফের শাহপরীরদ্বীপ গোলারচর সংলগ্ন সাগর এলাকায় অন্য এক অভিযানে মিয়ানমারে পাচারের সময় একটি ট্রলারসহ বিপুল পরিমাণ ভোজ্য তেল, পেঁয়াজ ও ময়দা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিন পাচারকারীসহ সেটি আটক করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ ও ৪৫০ কেজি ময়দা, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা। এই ঘটনায় আটককৃতরা হলেন— টেকনাফের মিঠাপানির ছড়া এলাকার মো. হামিদুল্লাহ (৩০) ও মো. ফারুক (১৯)। 

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পৃথক এই দুটি অভিযানে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদক ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন