EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ত্রাণ বিতরণে অনিয়ম হলে ছাড় নয়: ত্রাণমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:১৩ পিএম

ত্রাণ বিতরণে অনিয়ম হলে ছাড় নয়: ত্রাণমন্ত্রী
অ অ

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাস মেয়াদি মানবিক সহায়তা কার্যক্রমে ত্রাণ বিতরণ ও উপকারভোগীর তালিকা প্রণয়নে কোনো অনিয়ম হলে তা সহ্য করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মাঠপর্যায়ের প্রকৃত পরিস্থিতি জানতেই সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সুনামগঞ্জে এসেছে। তিনি বলেন, হাওর এলাকায় আর কোনো অনিয়ম বা স্বার্থান্বেষী প্রকল্প হবে না; বরং হাওরকে নিরাপদ উৎপাদনক্ষেত্রে পরিণত করতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কৃষকদের যেন একই ধরনের দুর্ভোগে পড়তে না হয়, সে জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সুনামগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিন মাস মেয়াদি মানবিক সহায়তা কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং জেলা প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।

সভায় জেলা কৃষি কর্মকর্তার উপস্থাপিত তথ্য নিয়ে কৃষক, রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

আলোচনা সভা শেষে মন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে যান।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন