EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা: আইনমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:৩৩ পিএম

অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা: আইনমন্ত্রী
অ অ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের অধীনে কোনো দপ্তর ও বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তা আমলে নিয়ে সেটি মন্ত্রণালয়কে জানাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সেশন শেষে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনে আমাদের যত দপ্তর রয়েছে সেখানে সুনির্দিষ্ট কোনো দুর্নীতি, অনিয়ম বা অভিযোগ থাকলে সেগুলো সরাসরি আমাদের জানাতে বলেছি। এসব অভিযোগ আমরা সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব। মাঠপর্যায়ে তাদেরকে ভিজিল্যান্স (সতর্ক) থাকতে বলেছি। এসব অভিযোগে আমরা অ্যাকশন নিচ্ছি কিনা সেটাও দেখার বিষয়।

তিনি বলেন, সরকারের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেক ফাইল আসতে দেরি হয়, এটা যাতে না হয় সেই বিষয়ে দৃষ্টি রাখতে বলেছি। এছাড়া, জেলা প্রশাসকরা যদি কিছু সাজেস্ট করেন সেই বিষয়গুলো জানাতে বলেছি। যাতে এসব বিষয়গুলো ভবিষ্যতে আমরা সমাধান করতে পারি।

জেলা প্রশাসকদের কোনো প্রস্তাব রয়েছে কিনা জানতে চাইলে মো. আসাদুজ্জামান বলেন, আমার সেশনে জেলা প্রশাসকদের কোনো প্রস্তাব ছিল না। এছাড়া, মামলা জট কমানোর জন্য তাদের কোনো পরামর্শ থাকলে জানাতে বলেছি।

তিনি বলেন, পার্মানেন্ট প্রসিকিউশন সার্ভিস আমাদের বিবেচনাধীন রয়েছে। আমরা এটা নিয়ে কাজ করছি।

আরও পড়ুন