শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:১৯ পিএম
শপথ গ্রহণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। তাদের শপথ পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রবিবার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) তাদের শপথবাক্য পাঠ করানো হয়।
এর আগে ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন (ইসি)।
গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ১ জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্ধারিত প্রক্রিয়া শেষে আজ রাতে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে যাত্রা শুরু করলেন।