ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে: বাণিজ্যমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:৫১ পিএম
রাজধানীর কারওয়ান বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেছেন, সরকারের নিবিড় তদারকি ও সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক সমন্বয়ের ফলে বাজারে ভোজ্যতেলের সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে।
রবিবার (৩ মে) বিকেলে কারওয়ান বাজারের চিকেন মার্কেট এলাকায় বিভিন্ন দোকান ঘুরে দেখেন বাণিজ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে সরবরাহ ব্যবস্থা, মূল্য পরিস্থিতি এবং বাজারের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
খুচরা বিক্রেতারা জানান, আগের তুলনায় বাজারে ভোজ্যতেলের সরবরাহ বেড়েছে। ডিলারদের পক্ষ থেকেও সরবরাহ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের চাহিদা বর্তমানে বেশি। তাদের ভাষ্য, খোলা তেলের তুলনায় এখন ক্রেতাদের আগ্রহ বোতলজাত তেলের প্রতি বেশি।
সরেজমিনে দেখা গেছে, বাজারে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৭০ থেকে ৯৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১ লিটার ও ২ লিটার বোতলজাত তেল যথাক্রমে ১৯৫ টাকা ও ৩৯০ টাকায় বিক্রি হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। ক্রেতারা জানান, বাজারে এখন তেল পাওয়া যাচ্ছে এবং আগের তুলনায় সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে।
পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করছে। ইতোমধ্যে সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। ডিলার ও কোম্পানিগুলোর সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে মূল্য সমন্বয় করতে হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও তা সমন্বয় করে কমানো হবে।”
তিনি আরও বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।