EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কালবৈশাখীতে বিপর্যস্ত কসবা, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মুশফিকুর রহমান

ডেইলি সান রিপোর্ট, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:৩০ পিএম

কালবৈশাখীতে বিপর্যস্ত কসবা, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মুশফিকুর রহমান

ছবি: সংগৃহীত

অ অ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আকস্মিক এই ঝড়ে ঘরবাড়ি, ফসল ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (১ মে) কসবা পৌরসভার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রথম পর্যায়ে ৬০টি পরিবারের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে কসবা পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৫০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

গত মঙ্গলবার সকালে শুরু হওয়া আকস্মিক কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে হাজার হাজার গাছপালা উপড়ে পড়ে, শতশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বোরো ফসলের মারাত্মক ক্ষতি হয়। তিনলাখপীর এলাকায় একটি মোবাইল অপারেটর টাওয়ার ভেঙে পড়ে। পাশাপাশি প্রায় ৩০টি বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এর ফলে কসবা পৌরসভা ও উপজেলার অধিকাংশ গ্রাম অন্ধকারে ডুবে যায়। ঝড় থেমে যাওয়ার পরও শুক্রবার দুপুর পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়নি, যা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ঝড়ে ১ হাজার ৬৭৪ হেক্টর জমির পাকা বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৮ হেক্টর সবজি, ৭ হেক্টর তিল, ৮ হেক্টর ফল এবং ২ হেক্টর আখের ক্ষতি হয়েছে। এতে হাজারো কৃষক আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছেন।

অন্যদিকে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে দিনমজুর ও শ্রমজীবী মানুষ কাজে বের হতে পারছেন না। আয়-রোজগার বন্ধ থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন এমপি মুশফিকুর রহমান।

আরও পড়ুন